গোপাল সিং, খোয়াই, ০২ ডিসেম্বর || গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল কলম চৌড়া থানা প্রশাসন। মোট ৪৮টি প্লট জুড়ে ছড়িয়ে থাকা আনুমানিক ৫,৫০,০০০টি পরিপক্ব গাঁজা গাছ পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আজ ভোর থেকে দুপুর পর্যন্ত টানা ছয় ঘণ্টা ধরে চলে এই অভিযান, যেখানে উত্তর কলম চৌড়া বনাঞ্চল, রাবার কর্পোরেশনের জমি এবং পাষানিয়ার নির্দিষ্ট অংশজুড়ে থাকা বিপুল পরিমাণ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।
অল্প সময়ে বেশি মুনাফার আশায় বহু চাষি অবৈধভাবে গাঁজা চাষে ঝুঁকছেন—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। প্রশাসনের নজরে আসে যে এলাকায় প্রতিযোগিতার বাজার তৈরি হয়েছে, যেখানে একে অন্যকে টেক্কা দিয়ে গাঁজা চাষে মেতে উঠছিল একাংশের চাষি মহল। সেই বেআইনি চাষকেই গুঁড়িয়ে দিতে আজ সকালের এই অভিযান।
কলম চৌড়া থানা সূত্রে জানা গেছে, মোট ৪৮টি প্লট জুড়ে ছড়িয়ে থাকা আনুমানিক ৫,৫০,০০০টি পরিপক্ব গাঁজা গাছ পুরোপুরি ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ দেববর্মা। সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিশাল বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয়— সিআরপিএফ ১৪০ ব্যাটালিয়ন, টিএসআর ৬, ৭ ও ৯ নম্বর ব্যাটালিয়ন, ১৪ ও ১৫ নম্বর উইমেন টিএসআর টিচার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশ বাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন কলম চৌড়া থানার এসআই বিশ্বজিৎ দেববর্মা ও অসীম দেববর্মা।
গভীর জঙ্গল, খাড়া এলাকা এবং রাবার কর্পোরেশনের পরিত্যক্ত জমির মধ্যেই গড়ে উঠেছিল গাঁজার এই ‘চাষ–রাজ্য’। আজকের অভিযানে একদম শিকড়সহ গাছ কেটে পুরো এলাকা পরিষ্কার করা হয়েছে। প্রশাসনের দাবি, এই ধ্বংস–অভিযান অবৈধ মাদকচক্রের উপর বড়সড় আঘাত হানবে। কলম চৌড়া থানার আধিকারিকদের বক্তব্য, আগামী দিনেও এ ধরনের ‘গাঁজা–অপারেশন’ আরও জারি থাকবে, যাতে এলাকায় গাঁজা চাষের রমরমা স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনা যায়।
