সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ ডিসেম্বর || মৎস্যজীবীদের বিক্ষোভের জেরে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। দীর্ঘদিনের অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার বকেয়া পুরস্কারের টাকা প্রদান এবং ফাইনাল খেলার তারিখ ঘোষণা করল গণ্ডাছড়া মৎস্য দপ্তর। আগামী ৭ তারিখ ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।
উল্লেখ্য, ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীরা দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ চরমে পৌঁছে গত শনিবার, যখন ক্ষুব্ধ মৎস্যজীবী ও বিজয়ীরা বকেয়া টাকার দাবিতে গণ্ডাছড়া মৎস্য দপ্তরে তালা ঝুলিয়ে প্রতিবাদে নামেন।
বিক্ষোভের পরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় প্রশাসন। সোমবার দুপুরে মৎস্য দপ্তরের ই.এম (EM) রাজেশ ত্রিপুরার তত্ত্বাবধানে বিক্ষুব্ধ মৎস্যজীবী ও বিজয়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৭ তারিখই অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। একই দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে তাদের প্রাপ্য পুরস্কার অর্থ।
এদিন বৈঠক শেষে পুরস্কারের অর্থমূল্যও ঘোষণা করা হয়।
পুরুষদের বিভাগে—
• প্রথম পুরস্কার: ১ লক্ষ টাকা
• দ্বিতীয় পুরস্কার: ৭০ হাজার টাকা
• তৃতীয় পুরস্কার: ৫০ হাজার টাকা
মহিলাদের বিভাগে—
• প্রথম পুরস্কার: ৩০ হাজার টাকা
• দ্বিতীয় পুরস্কার: ২০ হাজার টাকা
• তৃতীয় পুরস্কার: ১০ হাজার টাকা
বৈঠকে ই.এম রাজেশ ত্রিপুরা ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সুপার মদন ত্রিপুরা, সমাজসেবী রতন বিকাশ চাকমা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বৈঠক শেষে ই.এম রাজেশ ত্রিপুরা জানান, আগামী ৭ তারিখ গণ্ডাছড়ার নারিকেল কুঞ্জে সকলকে উপস্থিত থেকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগের আহ্বান জানানো হচ্ছে। শনিবারের বিক্ষোভের পর সোমবারের এই সিদ্ধান্তে খুশি প্রতিযোগীরাও এখন অপেক্ষায় ফাইনাল দিনের।
