সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ ডিসেম্বর || ধলাই জেলার সালেমা গ্রাম পঞ্চায়েত প্রধান অপূর্ব পোদ্দারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এবং অভিযোগকারীকে ভয় দেখানোর মতো একাধিক অভিযোগে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী মনোরঞ্জন দেবনাথ।
মনোরঞ্জনের দাবি, সরকারি ‘বেনী ফিসারি’ প্রকল্পের টাকা তোলার পর প্রধান ও তাঁর অনুগামীরা চাপ সৃষ্টি করে ২৩ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আগেও একইভাবে ১৬ হাজার টাকার মধ্যে মাত্র ৫ হাজার টাকা তাঁর হাতে দেওয়া হয়েছিল। স্ত্রী-এর অ্যাকাউন্টে ঢোকানো টাকাও জোরপূর্বক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
এছাড়া পুকুর খনন প্রকল্পে ৬২ হাজার টাকা ঘুষ নেওয়া, বেনিফিশারিদের টাকা জোরপূর্বক তুলে নেওয়া এবং নিজের পরিবারের নামে ভুয়ো শৌচাগার বরাদ্দের অভিযোগও উঠেছে প্রধানের বিরুদ্ধে।
এত অভিযোগের পরও প্রশাসন বা শাসক দলের নীরবতায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। অভিযোগকারীর দাবি—তাঁর বা তাঁর পরিবারের ওপর কোনো আঘাত এলে তার দায় সম্পূর্ণভাবে পঞ্চায়েত প্রধানকেই নিতে হবে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
