আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || শহরকে যানজট মুক্ত রাখতে পরিবহন দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে চলাচলকারী অটোরিকশাগুলিকে নির্দিষ্ট পিংক রঙে রং করার নির্দেশ জারি করা হয়েছিল। দুর্গাপূজাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের ব্যস্ততার কারণে দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনও বহু অটোচালক সেই নির্দেশ মানেননি।
ফলে বুধবার বাধ্য হয়ে রাস্তায় নামতে হয় পরিবহন দপ্তরের আধিকারিকদের। বটতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিংক রঙ না করা অটোরিকশাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় একাধিক অটো আটক করা হয় এবং চালকদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেন দপ্তরের আধিকারিকরা।
