আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত ৪৮তম ককবরক দিবসের অনুষ্ঠানে ছোট ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ খাবার নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। সকাল সাতটা থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকা শিশুদের দুপুর বারোটা পর্যন্ত যে খাবার প্যাকেট দেওয়া হয়, তা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও উপস্থিত দর্শকরা।
অভিযোগ অনুযায়ী, বিশাল আকৃতির খাবারের বক্স দেওয়া হলেও তার ভেতরে ছিল মাত্র একটি ছোট বাঙ্গই। দীর্ঘ সময় অপেক্ষার পর এমন সামান্য খাবার পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শিশুরা। যদিও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ক্যামেরার সামনে দাবি করা হয়, প্রতিটি খাবার প্যাকেটে একটি কেক, একটি ফ্রুটি এবং একটি কমলা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আমাদের ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায়, বড় খাবারের প্যাকেটের ভেতরে কেবল একটি ছোট বাঙ্গই রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি খাবার প্যাকেটের জন্য বরাদ্দ ছিল প্রায় ২০০ টাকা। তবে প্রশ্ন উঠছে, সেই বরাদ্দ অর্থের বিনিময়ে শিশুদের জন্য নির্ধারিত সম্পূর্ণ খাবার গেল কোথায়?
এই ঘটনাকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এই অনুষ্ঠানের খাবার বিতরণে সরকারি স্তরে কোনও দুর্নীতি জড়িয়ে রয়েছে? বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
