মোহনপুরে বিশাল গাঁজা-বিরোধী অভিযান, সরকারি খাস জমিতে লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস

গোপাল সিং, খোয়াই, ২০ জানুয়ারি || ফের একবার আমাদের সংবাদেই শিলমোহর পড়ল। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বনাঞ্চল গাঁজাময়। এবার যৌথ অভিযান মোহনপুরে। ধ্বংস করা হলো প্রচুর গাঁজা গাছ। বনমন্ত্রী ও তাঁর বন দপ্তর শীতঘুমে।
ফের একবার গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহনপুর বিধানসভার নোয়াগাঁও এলাকায় মঙ্গলবার ভোর থেকে চালানো এক যৌথ অভিযানে ৪৫টি প্লটে গড়ে ওঠা লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই অভিযানকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বিএসএফ, টিএসআর, ফরেস্ট দপ্তর এবং মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি শক্তিশালী যৌথ টিম ভোর ছয়টা নাগাদ অভিযান শুরু করে। সবকটি গাঁজা বাগানই সরকারি খাস জমিতে গড়ে উঠেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
অভিযান চলাকালীন গাঁজা চাষীদের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরক্ষা প্রশাসনকে ফাঁকা গুলি চালাতে হয়। এর জেরে গাঁজা চাষীরা পিছু হটতে বাধ্য হয় এবং নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করা সম্ভব হয়।
এই অভিযানের পর বন দপ্তরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই বনাঞ্চল ও সংলগ্ন এলাকায় অবাধে গাঁজা চাষ চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আলোচনা তীব্র হয়েছে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*