আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || রাজধানীর নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা (SEAT)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সংগঠনের ৫৬তম বার্ষিক সাধারণ সম্মেলন তথা ১৭তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। শনিবার আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্য।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি সূর্যকুমার দেববর্মা ও সাধারণ সম্পাদক সত্যব্রত দাস অতিথিদের স্বাগত জানান। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “প্রকৌশলীরাই অগ্রগতির প্রকৃত স্থপতি। রাজ্যের সার্বিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের দক্ষতা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার ভূমিকা অপরিসীম।” তিনি আরও বলেন, প্রযুক্তি যেভাবে দ্রুত অগ্রসর হচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে আধুনিক চাহিদার উপযোগী দক্ষতা অর্জন ও গতানুগতিক ধারার বাইরে নতুনভাবে চিন্তা করা আজকের সময়ে অত্যন্ত জরুরি।
মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নের প্রতিটি স্তরে প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ রাজ্যের অগ্রগতিকে আরও মজবুত ভিত্তি দেবে। ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী ক্ষমতা ও পেশাগত দক্ষতাই ভবিষ্যতের ত্রিপুরা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের মাধ্যমে পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানান সংগঠনের নেতৃত্ব।
