সুব্রত দাস, গন্ডাছড়া, ০৪ ফেব্রুয়ারী || গণ্ডাছড়া মহকুমায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং-এর উপস্থিতিতে গণ্ডাছড়া মহকুমার ৩০ কার্ড এলাকার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি তথা বর্তমান তিপ্রা মথা নেতা বাদল সরকারের বাড়িতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কংগ্রেস কর্মীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামীকাল বাদল সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী তিপ্রা মথা দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন। সম্ভাব্য এই যোগদানকে ঘিরে গোটা মহকুমা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন YTF কেন্দ্রীয় কমিটির সম্পাদক ক্ষত্র জয় রিয়াং, তিপ্রা মথা নেতা প্রমোদ রঞ্জন ত্রিপুরা সহ দল ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃত্ব। সভায় এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের তৃণমূল স্তরের শক্তিবৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি দলীয় কর্মীদের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।
অপরদিকে বাদল সরকার বলেন, মানুষের স্বার্থে ধারাবাহিক কাজ করার ফলে বহু কর্মী তিপ্রা মথার আদর্শে অনুপ্রাণিত হচ্ছেন। আগামী দিনে এই যোগদানের ধারা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য যোগদান রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্র ও গণ্ডাছড়া মহকুমার রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এখন সকলের নজর আগামী দিনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
