সুব্রত দাস, গন্ডাছড়া, ০৪ ফেব্রুয়ারী || শীতের তীব্রতা থেকে গরিব ও দুঃস্থ মানুষদের রক্ষা করতে বিজেপির পক্ষ থেকে গণ্ডাছড়ায় এক মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার গণ্ডাছড়া মহকুমার অন্তর্গত তৈচাকমা বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি তথা গণ্ডাছড়ার লড়াকু ও জনপ্রিয় নেতা বিকাশ চাকমার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৪০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক মদন বিকাশ চাকমা, যুব মোর্চার সম্পাদক লিটন দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিকাশ চাকমা বলেন, শীতের সময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকৃত অসহায় মানুষজন সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
