গোপাল সিং, খোয়াই, ০৪ ফেব্রুয়ারি || শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮তম জন্ম মহোৎসব ‘স্বস্তি-উৎসারী’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ঠাকুরবাড়ির নির্দেশে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভক্তবৃন্দ। মঙ্গলবার খোয়াই বিমানবন্দর ময়দানের বিশাল অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে শুরু হয় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
মহোৎসব শেষ হলেও দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার পরিচয় দিয়ে শত শত ভক্ত একযোগে মাঠ পরিষ্কারের কাজে অংশ নেন। অনুষ্ঠানস্থলে পড়ে থাকা আবর্জনা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরিয়ে পুরো এলাকা পরিচ্ছন্ন করে তোলা হয়, যাতে স্বাভাবিক পরিবেশ ও জনস্বাস্থ্যের কোনও ক্ষতি না হয়।
এই মহতী উদ্যোগে শামিল হয়ে সমাজসেবী অনিমেষ নাগ ভক্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিষ্কার অভিযানে অংশ নেন। তাঁর উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ভক্তদের আরও উৎসাহিত করে এবং সমাজে দায়িত্বশীল নাগরিকত্বের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, ধর্মীয় অনুষ্ঠান শুধু আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে—যা আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
