গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারী || খোয়াইয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মহিলা থানার ওসি মিনা দেববর্মা। পথ হারিয়ে জাতীয় সড়কে ঘুরে বেড়ানো এক বৃদ্ধাকে নিজ দায়িত্বে নিরাপদে তাঁর পরিবারের হাতে পৌঁছে দেন তিনি।
জানা গেছে, মিনতি সাহা (স্বামী প্রয়াত নিবাস সাহা), মূলত উদয়পুরের বদরশাহ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মেয়ের সঙ্গে খোয়াই পূর্ব সোনাতলায় বসবাস করেন। মঙ্গলবার সকালে তিনি অজান্তেই বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে মিনতি সাহাকে বারবিল জাতীয় সড়কের পাশে দিশাহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় টহলদারিরত অবস্থায় তাঁকে লক্ষ্য করেন ওসি মিনা দেববর্মা। পরিস্থিতি বুঝে তিনি নিজে উদ্যোগ নিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং পরিচয় নিশ্চিত করেন। পরে ব্যক্তিগতভাবে তাঁকে পূর্ব সোনাতলায় তাঁর পরিবারের কাছে পৌঁছে দেন।
অপ্রত্যাশিত এই সহায়তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের মতে, দায়িত্বের বাইরে গিয়ে একজন মহিলা পুলিশ আধিকারিকের এই মানবিক আচরণ প্রশংসনীয়।খোয়াইবাসীর একাংশ মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ পুলিশের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করে।
