গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারী || খোয়াই থানাধীন বারবিল এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে ১২১ কেজি গাঁজাসহ একটি গাড়ি আটক করল পুলিশ। খোয়াই জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গঠিত ‘স্পেশাল সিভিল টিম’-এর অভিযানে ধরা পড়ে দুই অভিযুক্ত—রাণী রুদ্র পাল ও জয়ন্ত সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, TR01L3923 নম্বরের গাড়িটি প্রথমে আগরতলা থেকে কমলপুরের দিকে যাচ্ছিল। তবে কমলপুর নাকা পয়েন্টে কড়াকড়ি নজরদারির মুখে পরিকল্পনা ভেস্তে যায়। পরে গাড়িটি পুনরায় আগরতলার দিকে ফেরার চেষ্টা করলে বারবিল এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে স্পেশাল সিভিল টিম সেটিকে আটক করে।
তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট উদ্ধার হয়। ধৃতদের বাড়ি আগরতলার ওএনজিসি, আমতলি এলাকায় বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হিসেবে খোয়াইকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা রুখতে পুলিশ আরও কড়া নজরদারি চালাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
