নবারুন চক্রবর্তী, সাব্রুম, ১৫ ফেব্রুয়ারী || দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমের এসটি ও এসসি বালিকা হোস্টেলে বৃহস্পতিবার এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছাত্রীদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপাইছড়ির বিদ্যালয় পরিদর্শক জেনং মগ এবং প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস। বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ভয়াবহ পরিণতি, শারীরিক ও মানসিক ক্ষতি এবং এর ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয়ের দিকগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “মাদক নয়, শিক্ষাই হোক জীবনের প্রধান শক্তি। সচেতনতা ও দৃঢ় মানসিকতা থাকলে যেকোনো প্রলোভনকে দূরে রাখা সম্ভব।”
অনুষ্ঠান উপলক্ষে হোস্টেলের ছাত্রীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও পোস্টার রচনা করে সমাজের উদ্দেশ্যে জোরালো বার্তা প্রদান করে। “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” সহ নানা সচেতনতামূলক বার্তা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
সভা শেষে অতিথিরা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আয়োজকদের মতে, কিশোর-কিশোরীদের সঠিক দিকনির্দেশনা ও সচেতন করাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রধান চাবিকাঠি।
