দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ জুলাই ।। যুগযুগান্তরের অলৌকিক আর আধ্যাত্মিকতার অবিরল ধারার নতুন রুপ প্রস্ফুটিত হয় খার্চী উৎসবে। স্থান, কাল, পাত্র, আবহ – একই রকম সেই রকম ভক্তের আবাহনে বার বার খার্চী প্রানবন্ত হয়ে উঠে প্রতিবছর। যার শুরু আছে, তার শেষ আছে – সেই পথেই আবাহনের স্থানে বিসর্জনের মন্ত্রোচারনে সমাপ্ত হয়েছে খার্চী উৎসব। শেষ দিনেও ভক্তের ভীড়ে কল্লোলিত ছিল চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গন। আনন্দ উচ্ছাসের ভেতর বিদায়ের সুরধ্বনিত হয়েছে শেষ দিনে। আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হলেও চৌদ্দ দেবতা বিরাজিত সদা সর্বদা ভক্তের হৃদয়স্থলে। এ রাজ্যের ঐতিহ্য আর সংস্কৃতির এক বিরল চিত্রপট হচ্ছে খার্চী উৎসব – শান্তি, সম্প্রীতি, মানুষে মানুষে মেল বন্ধনের যে আহ্বানে শুরু হয়েছিল খার্চী উৎসব সেই আহ্বানেই পরিসমাপ্তি হয়েছে। এবার ঘরে ফেরার পালা – আবার মিলন ঘটবে হাজার হাজার পূণ্যার্থীদের আগামী বছর খার্চী উৎসবে। এবারের মত আগামীতেও “নিউজ আপডেট অব ত্রিপুরা” তুলে ধরবে খার্চীর খুঁটিনাটি ছবি আর অক্ষরে।
