প্যাকেজড পানীয় জল শিল্পে ন্যূনতম পাইকারি মূল্য নির্ধারণ, ২২শে মার্চ আগরতলায় রাজ্য কনভেনশন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || ত্রিপুরা রাজ্যে প্যাকেটজাত পানীয় জল শিল্প বর্তমানে এক লক্ষেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন ম্যানুফ্যাকচারিং ইউনিটের শ্রমিক, টেকনিশিয়ান, ড্রাইভার, পরিবহন কর্মী, ডিস্ট্রিবিউটর, রিটেইলার এবং অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী। ফলে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার শিল্প শুধু একটি ব্যবসা নয়, বরং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান নির্ভর শিল্পখাত হিসেবে ভূমিকা পালন করছে।
তবে সাম্প্রতিক সময়ে কাঁচামাল, প্লাস্টিক বোতল, ক্যাপ, লেবেল, বিদ্যুৎ এবং পরিবহন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বহু ম্যানুফ্যাকচারিং ইউনিট চরম আর্থিক চাপে কাজ চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং অযৌক্তিকভাবে কম দামে পণ্য বিক্রির প্রবণতা পুরো শিল্প ব্যবস্থাকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
এই পরিস্থিতি বিবেচনায় রাজ্যের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারারদের আলোচনার ভিত্তিতে বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একটি ন্যূনতম পাইকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বোতলের এমআরপি (MRP)-তে কোনো পরিবর্তন করা হয়নি; শুধুমাত্র ডিস্ট্রিবিউটর ও রিটেইল পর্যায়ে বিক্রির ক্ষেত্রে ন্যূনতম পাইকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত পাইকারি মূল্য অনুযায়ী—
৫০০ মিলিলিটার (বক্স) – ১৬০ টাকা
১ লিটার (১৫ পিসের বক্স) – ১৪০ টাকা
২ লিটার (৯ পিসের বক্স) – ১৪০ টাকা
২০ লিটার জার – ৫০ টাকা
শিল্পের সুস্থ পরিবেশ বজায় রাখা এবং বৃহৎ এই কর্মসংস্থানমুখী শিল্পকে সুরক্ষিত রাখতে “ত্রিপুরা ওয়াটার ম্যানুফ্যাকচারার ইউনিটি” নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।
এই প্রেক্ষিতে আগামী ২২ মার্চ (রবিবার) আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হবে। ওই কনভেনশনে শিল্পকে সুরক্ষিত রাখা, কর্মসংস্থান বজায় রাখা এবং ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, প্রায় এক লক্ষ মানুষের জীবিকার সঙ্গে যুক্ত এই গুরুত্বপূর্ণ শিল্পখাতকে সুরক্ষিত ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করা হোক। পাশাপাশি রাজ্যের সকল প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারারদের শিল্পের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*