যুব ফেডারেশনের বিভাগীয় সম্মেলন উপলক্ষে যুব সমাবেশ, গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান বাম নেতৃত্বদের

গোপাল সিং, খোয়াই, ২১ মার্চ || খোয়াইয়ে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের ২০তম বিভাগীয় সম্মেলন উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের কোহিনূর শপিং কমপ্লেক্স সংলগ্ন সুভাষ পার্ক এলাকায় আয়োজিত এই সমাবেশে যুবক-যুবতী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক তথা প্রাক্তন যুব নেতা সুধন দাস, খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, বিভাগীয় সম্পাদক গৌতম পাল, বিভাগীয় সভানেত্রী মল্লিকা শীল সহ অন্যান্য নেতৃত্ব।
বক্তব্য রাখতে গিয়ে সুধন দাস আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বামফ্রন্টকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, চাকরির নামে বেকারদের সঙ্গে প্রতারণা চলছে, অথচ সরকারি শূন্যপদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য উল্লেখ করে তিনি জানান, ২০১৯ সালে শূন্যপদের সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার ৯০০, যা বর্তমানে বেড়ে প্রায় ৫৬ হাজারে পৌঁছেছে। একইসঙ্গে তিনি দাবি করেন, বামফ্রন্ট সরকারের সময়ে যেখানে রাজ্যে মোট সরকারি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ৫৮ হাজার, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ২ হাজারে—অর্থাৎ গত আট বছরে প্রায় ৫৬ হাজার কর্মসংস্থান কমেছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যুবদের উপস্থিতি সমাবেশকে তাৎপর্যপূর্ণ করে তোলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*