সাব্রুমে শক্তি প্রদর্শন তিপ্রা মথার—দুই আসনে মনোনয়ন জমা, জয়ের প্রত্যয় প্রার্থীদের

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৫ মার্চ || আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা পার্টি বুধবার ২৭-পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনে এমডিসি প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এবং ২৮-শিলাছড়ি মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা সাব্রুম মহকুমা কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকাল সাড়ে ১১টা নাগাদ সাব্রুম মেলার মাঠ থেকে বিশাল মিছিল বের করে সমর্থকরা এসডিএম অফিসের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা কার্যালয়ে পৌঁছায়। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের মিছিলে তিন হাজারেরও বেশি সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়।
প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিপ্রা মথার দক্ষিণ জেলা কো-অর্ডিনেটর রাজেশ ত্রিপুরা এবং ওয়াইটিএফ (YTF) সভাপতি মাহি চরণ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুপুর প্রায় ১২টা নাগাদ ২৭ ও ২৮ নম্বর এডিসি সংরক্ষিত আসনের রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন দুই প্রার্থী।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী দেবজিৎ ত্রিপুরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, “আমরা অবশ্যই জয়ী হবো এবং মহারাজকে এই দুইটি আসন উপহার দেবো।”
তিপ্রা মথার এই মনোনয়ন জমা এবং বিশাল মিছিলকে ঘিরে সাব্রুম মহকুমায় নির্বাচনী উত্তাপ আরও তীব্র হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*