গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || গুঁজবই কি তাহলে সত্যি। নিজে ভরসা দেখিয়েও কি ভরসা জুগাতে ব্যর্থ বিধায়ক। দল সম্মান দিল রঞ্জিতকেই। মন্ত্রী অনিমেষকে ছাড়াই খোয়াইতে দুটি আসনে মনোনয়ন পত্র দাখিল করলো তিপ্রামথা পার্টি। সঙ্গে থাকা বিধায়ক রঞ্জিত দেববর্মা’র স্পষ্ট বার্তা —“আমরা নির্বাচনে লড়াই করবো অধিকারের জন্য। বুবাগ্রা প্রথম থেকেই বলে আসছেন— অধিকার আদায়ের প্রশ্নে কোনও আপস নয়। সেই পথেই আমরা এগোচ্ছি।” এদিকে বারবার দিল্লীগামী দলীয় বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা মথা সুপ্রিমোকে পজিটিভ বার্তা দিতে গিয়ে বলেছিলেন, “মহারাজ আপনার সাথেই আছি। পার্টির বিরুদ্ধে আমি না।” কিন্তু মনোনয়ন দাখিলের দিনে আশারামবাড়ী-হালহালি আসনের প্রার্থীর সাথে ছিলেন না খুদ আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজনৈতিক মহলে এনিয়ে জোর চর্চা অব্যহত রয়েছে। তাহলে কি দলের অভ্যন্তরে বর্তমানে কোনঠাসা হয়ে পড়েছেন অনিমেষ? সম্প্রতি মিডিয়াতে অনিমেষ দেববর্মা সহ কয়েকজন দলীয় নেতার বিজেপি দলে শামিল হবার বিষয়ে যে গুঞ্জন চলছিল, সেটাকে কি দল বিরোধী কার্যকলাপ হিসাবে দেখছে মথা সুপ্রিমো? প্রশ্ন জনমনে।
আর এসব প্রশ্নের মধ্যেই বুধবার বিপুল কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে ১২ রামচন্দ্রঘাট ও ৯- আশারামবাড়ী-হালহালি আসনের জন্য মনোনয়ন দাখিল করলো দুই প্রার্থী জেমস দেববর্মা ও প্রশমিত দেববর্মা। টিটিএএডিসি নির্বাচনে মোট ২৮টি আসনের মধ্যে ২৪-২৫টি সিটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রঞ্জিত!
টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়ে গেল মনোনয়ন দাখিল পর্ব। বিধায়ক রঞ্জিত দেববর্মাকে সঙ্গে নিয়ে তিপ্রামথা পার্টির পক্ষ থেকে ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী জেমস দেববর্মা এবং ৯-আশারামবাড়ী-হালহালি কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী প্রশমিত দেববর্মা আজ মনোনয়ন পত্র দাখিল করেন। দুজনেই খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা’র নিকট নিজেদের মনোনয়ন জমা দেন। প্রার্থী ঘোষণার পরপরই দলীয়ভাবে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ায় নির্বাচনী প্রস্তুতিতে তিপ্রামথার সক্রিয়তা স্পষ্ট হয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন,
“আমরা নির্বাচনে লড়াই করবো অধিকারের জন্য। বুবাগ্রা প্রথম থেকেই বলে আসছেন— অধিকার আদায়ের প্রশ্নে কোনও আপস নয়। সেই পথেই আমরা এগোচ্ছি।”
আসন্ন নির্বাচনে দলের সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “টিটিএএডিসি নির্বাচনে তিপ্রামথা ২৪-২৫টি আসনে জয়লাভ করবে।” দলীয় নেতৃত্বের এই আত্মবিশ্বাস এবং দ্রুত মনোনয়ন দাখিল প্রক্রিয়া রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
