গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || কৈলাশহর বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া-র জমিতে অবৈধ দখল ও অনুমতিহীন নির্মাণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষিতে দ্রুত হস্তক্ষেপ চেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা।
বিধায়ক তাঁর চিঠিতে উল্লেখ করেন, কৈলাশহর বিমানবন্দরের জমির একাধিক অংশে অবৈধভাবে দখল নেওয়া হয়েছে এবং অনুমতি ছাড়াই রাস্তা নির্মাণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই এলাকায় দ্রুত গতিতে মাটি ভরাট করে স্থাপনা তৈরির কাজও চলছে।
চিঠিতে বিশেষভাবে এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, সরকারি আইনজীবী (Public Prosecutor) হিসেবে কর্মরত অ্যাডভোকেট সঞ্জীব দেবরায় নাকি দ্রুত জমি ভরাট করে নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন— যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হচ্ছে বলে দাবি করা হয়েছে।
বিধায়কের দাবি, এই পরিস্থিতি ঘিরে কৈলাশহর এলাকায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে এবং বিষয়টি ক্রমশ সংবেদনশীল হয়ে উঠছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় বিষয়টি জানানো হলেও, জমিটি এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া-র অধীন হওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তাদেরই।
এছাড়াও অভিযোগ উঠেছে, ওই জমিতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও পরিচালিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এই প্রেক্ষিতে বিধায়ক বীরজিৎ সিনহা বিমানবন্দর কর্তৃপক্ষকে অবিলম্বে অবৈধ দখল ও নির্মাণ বন্ধ করে জমির উপর পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রককেও অবগত করা হয়েছে।
এখন দেখার, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে কি না।
