গোপাল সিং, খোয়াই, ০৪ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি নির্বাচন ২০২৬-এর রণদামামা বাজার সাথে সাথেই জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। শনিবার ১২-রামচন্দ্রঘাট টিটিএএডিসি কেন্দ্রের তিপ্রামথা মনোনীত প্রার্থী জেমস দেববর্মার সমর্থনে আমপুরায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জনজোয়ার পরিলক্ষিত হয়। তীব্র দাবদাহ ও চড়া রোদকে উপেক্ষা করে এদিন হাজার হাজার জনজাতি অংশের মানুষ সভায় শামিল হন। সমাবেশস্থল ও পার্শ্ববর্তী এলাকায় তিল ধারণের জায়গা ছিল না বললেই চলে।
এদিনের এই সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন তিপ্রামথা পার্টির অন্যতম হেভিওয়েট নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। প্রথাগত নিয়ম মেনে সভায় বিভিন্ন দল থেকে আগত বহু মানুষকে তিপ্রামথা পার্টিতে বরণ করে নেন বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং প্রার্থী জেমস দেববর্মা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানানো হয়।
পার্টির সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার পর রঞ্জিত দেববর্মা বর্তমানে টিটিএএডিসি নির্বাচনের অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন। নিজের বিধানসভা কেন্দ্র রামচন্দ্রঘাট থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পর্যন্ত তিনি নিরলস নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। একদিকে ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রের মুদিবাড়ি থেকে আমপুরা এবং উপেন্দ্রনগর থেকে সাঁওতাল বাড়ি পাড়া পর্যন্ত তাঁর প্রচারের গতি যেমন তুঙ্গে, তেমনই আখড়া বাড়ি, পাগলা বাজার, রসরাজনগর ও বেলছড়া এলাকাতেও তিনি চষে বেড়াচ্ছেন। বাদ যাচ্ছে না বগাবিল, তুইহাচিং, ছনখলা, গয়ামণি ভিলেজ কিংবা জোলাই তুইসা থেকে মারে হাদুকের মতো প্রত্যন্ত এলাকাগুলোও। প্রতিটি জায়গায় জেমস দেববর্মার সমর্থনে একের পর এক সভা, রেলি ও বাজার সভা করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। তাছাড়া রামচন্দ্রঘাট কেন্দ্রের ইএম সুহেল দেববর্মার টিকিট না পাওয়া নিয়ে যে জটিলতা কর্মী-সমর্থকদের মধ্যে তৈরী হয়েছিল, সে বিষয়টিও বিধায়ক রঞ্জিত দেববর্মা অত্যন্ত সুকৌশলে মিটিয়ে নিয়েছেন বলে অভিমত জনগণের।
তবে কেবল নিজের নির্বাচনী এলাকাতেই সীমাবদ্ধ নন রঞ্জিত দেববর্মা। তাঁকে সমানভাবে সক্রিয় দেখা যাচ্ছে ৯-হালাহালি-আশারামবাড়ী কেন্দ্রে প্রসমিত দেববর্মার সমর্থনে প্রচার চালাতে। এছাড়াও রাজ্যের অন্য প্রান্তে ২২-কাঁঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রের প্রার্থী ডেভিড মুরাসিং এবং বীরচন্দ্রমনু ও ২৮-শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রের প্রার্থী মনীন্দ্র ত্রিপুরার সমর্থনেও তিনি প্রচারের ঝড় তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক প্রাক-মুহূর্তে রঞ্জিত দেববর্মার এই ম্যারাথন দৌড় এবং আমপুরার বিশাল জনসভা তিপ্রামথা শিবিরের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। জনজাতি ভোটব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে দলের এই সক্রিয়তা আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
