আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল || ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগরের অটল ভবন পার্টি অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিহার থেকে আগত বিধায়ক মিথিলেশ তিওয়ারি, মন্ত্রী সুধাংশু দাস সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
এদিন দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা দলের আদর্শ, সংগঠনের শক্তি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই বিশেষ দিনে তিনি দলের প্রতিষ্ঠাতা অটল বিহারি বাজপেয়ী-এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পাশাপাশি দলের পূর্বসূরী ভারতীয় জনসংঘের প্রণেতা ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি এবং একাত্ম মানববাদ ও অন্ত্যোদয়ের প্রবর্তক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-এর প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, জনসেবার মন্ত্রকে পাথেয় করে রাষ্ট্রনির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। দলের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মীর অবদানের জন্য তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা দলীয় ঐক্য ও সংগঠনের শক্তিকে আরও সুদৃঢ় করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
