এডিসি নির্বাচন ঘিরে উত্তপ্ত ত্রিপুরা: মহারানী-তেলিয়ামুরা ও মান্দাই-পুলিনপুর কেন্দ্রে বিজেপির বিশাল জনসভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল || ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভায় দিন দিন বাড়ছে জনসমাগম, ফলে রাজনৈতিক উত্তাপও ক্রমশ চরমে পৌঁছাচ্ছে।
এই প্রেক্ষাপটে ১১-মহারানী-তেলিয়ামুরা এবং ১৫-মান্দাই-পুলিনপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জামাতিয়া ও রাজেশ দেববর্মার সমর্থনে পারাকলক স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নির্বাচনী আবহকে আরও উজ্জীবিত করে তোলে।
সভা থেকে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাম্প্রতিক গুলিকাণ্ড প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা কড়া ভাষায় বলেন, “গাড়ির ভিতর থেকে ঢিল ছোড়া বা পিস্তল দেখিয়ে কিছু হবে না। বিজেপি ময়দানে নামলে পালানোরও জায়গা পাবেন না।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নেতা বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
এডিসি নির্বাচনকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, ভোটের ফলাফল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*