বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ এপ্রিল || কালবৈশাখীর প্রবল ঝড়ের জেরে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। পরিস্থিতি চরমে পৌঁছালে বৃহস্পতিবার জোলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, শান্তির বাজার মহকুমায় দুটি বিদ্যুৎ দপ্তরের কার্যালয় থাকলেও—একটি শান্তির বাজারে এবং অন্যটি জোলাইবাড়ীতে—পরিষেবা স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। দপ্তরের কর্মীদের গাফিলতি ও খামখেয়ালী মনোভাবের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
বিশেষ করে মহকুমার মুহুরীপুর এলাকায় টানা প্রায় ৭৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। একাধিকবার দপ্তরে জানানো হলেও সমস্যার সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে মুহুরীপুর কলোনির বাসিন্দারা একত্রিত হয়ে জোলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান।
স্থানীয়দের অভিযোগ, জোলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরের এসডিও বিশ্বনাথ রিয়াং এবং সিনিয়র ম্যানেজার গোকুল লষ্করের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, শান্তির বাজার পুরপরিষদের ৩ নম্বর ওয়ার্ডেও প্রায় ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। সেখানে একটি বিদ্যুতের খুঁটি ভগ্নদশায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের দ্রুত হস্তক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকা দাবি করেছেন। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে সক্ষম হয়।
