বলরাম দেবনাথ, সাব্রুম, ৩০ এপ্রিল || গত দুদিনের কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টিতে দক্ষিণ ত্রিপুরার সাবরুমের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর ভেঙে পড়েছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। এর পাশাপাশি সমগ্র সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট, যা স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
বুধবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রাক্তন বিধায়ক শংকর রায় এবং পোয়াংবাড়ি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিবালা বৈদ্য। তারা রাজনগর গ্রাম পঞ্চায়েতের ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দা সন্তোষ দেবনাথের বাড়িতে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে প্রাক্তন বিধায়ক শংকর রায় জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সাবরুম বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে দক্ষিণ জেলা শাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, “কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সমাধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
