বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ এপ্রিল || আসন্ন ১২ই এপ্রিল অনুষ্ঠিতব্য এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মনপাথর এলাকায় ব্রু সংগ্রমার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্বাচনে যাতে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে এই সভার আয়োজন করা হয়। যদিও কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেননি, তবুও উপস্থিত অন্যান্য দলের প্রতিনিধি ও রিয়াং জনজাতির মানুষের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রাষ্ট্রীয় লোকদলের নেতৃত্ববৃন্দ। তারা এডিসি এলাকায় নির্বাচনে জয়লাভ করলে জনসাধারণ ও এলাকার সার্বিক উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় লোকদলের রাজ্য ইনচার্জ আশুতোষ মিশ্র এবং দলের অন্যতম নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং। তারা বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
সভা শেষে ব্রু সংগ্রমা মথের সাধারণ সম্পাদক খনারাম রিয়াং এই আলোচনাসভার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, যাতে এডিসি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়। পাশাপাশি, নির্বাচনে জয়লাভের পর রিয়াং জনজাতির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। এর মধ্যে রিয়াং জনজাতির কূলদেবীর পূজাকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ দাবি সভায় উপস্থাপন করা হয়।
এই আলোচনাসভায় উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
