গোপাল সিং, খোয়াই, ২১ এপ্রিল || নির্বাচন পরবর্তী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খোয়াই জেলায় পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন ফলাফল ঘোষণার পর যে ধরনের অশান্তির চিত্র সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি স্পষ্টভাবে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজিপি অনুরাগ ধ্যানকর, খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ, বিধায়ক পিণাকী দাস চৌধুরী এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক ও দলীয় নেতৃত্ব।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
