আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || ত্রিপুরা রাজভবন (লোক ভবন)-এ এক গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে লাভার্থী ও স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র সদস্যদের মধ্যে প্রায় ২৫০টি হাঁসের ছানা বিতরণ করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয়ের নতুন পথ সুগম করা। রাজ্যপাল তাঁর বক্তব্যে বলেন, পশুপালন ও হাঁস-মুরগি চাষের মাধ্যমে অল্প বিনিয়োগে স্বনির্ভর হওয়া সম্ভব, যা গ্রামীণ পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং উপভোক্তারা। হাঁসের ছানা পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আবেদন জানান।
এই উদ্যোগকে রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও আত্মনির্ভরতার লক্ষ্যে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
