গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল || রাজ্যের দীর্ঘদিনের বৈরী সমস্যার স্থায়ী সমাধান ও শান্তি চুক্তির পরবর্তী ধাপগুলো সুনিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন তিপ্রামথা পার্টির সুপ্রিমো তথা বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা। মঙ্গলবার তিনি সশরীরে সাক্ষাৎ করলেন এআইটিএফ-এর (ATTF) প্রত্যাগত সদস্যদের সাথে। শান্তি চুক্তি স্বাক্ষরের পর বর্তমানে প্রত্যাগত সদস্যরা যেসব প্রতিকূলতা ও সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসব বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে জানা গেছে, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং আনুষঙ্গিক নাগরিক সুযোগ-সুবিধা সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য বুবাগ্রার নেতৃত্বে শীঘ্রই এআইটিএফ ও এনএলএফটি (NLFT)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা হবে। সেখানে কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করবেন তাঁরা।
গোটা বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মথা নেতা রঞ্জিত দেববর্মা। তিনি উল্লেখ করেন, তিপ্রাসা জনগোষ্ঠীর সার্বিক শান্তি ও সমৃদ্ধির লক্ষে বুবাগ্রা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, এই উদ্যোগ তারই এক অবিচ্ছেদ্য অংশ। চুক্তির প্রতিটি শর্ত যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয় এবং প্রত্যাগত ভাইবোনেরা যাতে সঠিক মর্যাদা ও সুযোগ নিয়ে মূল স্রোতে ফিরতে পারেন, সে বিষয়ে দল সর্বদা সজাগ রয়েছে।
পাহাড়ের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং এআইটিএফ ও এনএলএফটি-র শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা বহু সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রত্যাগত সদস্যরা।
