আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || দেশজুড়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দামে এক লাফে ৯৯৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এতদিন ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৫৮৭ টাকা ৫০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৮১ টাকা ৫০ পয়সায়। হঠাৎ এই বিপুল মূল্যবৃদ্ধি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ তৈরি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য পরিষেবা সংশ্লিষ্ট ব্যবসাগুলিতে এর প্রভাব পড়তে পারে। অনেকেই মনে করছেন, এই মূল্যবৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের উপরও পড়বে, কারণ খাদ্যদ্রব্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত এই মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরিস্থিতির উপর নজর রাখছেন সংশ্লিষ্ট মহল।
