আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || JRBT-এর গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় আইনি ধাক্কা দিল আদালত। এক গুরুত্বপূর্ণ রায়ে এসটিপিএইচ (STPH) ও এসসিপিএইচ (SCPH) ক্যাটাগরির অধীনে পরিচালিত নির্বাচন প্রক্রিয়াকে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে।
বিচারপতি এস. ডি. পুরকায়স্থের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই দুই ক্যাটাগরিতে প্রার্থীদের নির্বাচন সংবিধানের নির্ধারিত নীতিমালার পরিপন্থী। ফলে সংশ্লিষ্ট নির্বাচন প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে।
আদালত নির্দেশ দিয়েছে, আগামী চার মাসের মধ্যে নতুন করে সিলেক্ট লিস্ট প্রকাশ করতে হবে। এই নির্দেশের ফলে ইতিমধ্যেই প্রকাশিত তালিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বহু প্রার্থীর ভবিষ্যৎ এখন নতুন সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
আইনজীবী মহলের মতে, এই রায় রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাংবিধানিক বিধান মেনে চলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।
এদিকে, আদালতের এই রায়ের পর প্রশাসনের তরফে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীরা নতুন তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন।”
