বাইখোড়ায় ‘ড্রীম লাইফ এডুকেয়ার সেন্টার’-এর শুভসূচনা, উচ্চশিক্ষায় সঠিক দিশা দেওয়ার লক্ষ্য

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মে || বাইখোড়া বাজারে এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ড্রীম লাইফ এডুকেয়ার সেন্টার’-এর শুভসূচনা করা হলো। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ শীল, চড়কবাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ শীল, শান্তির বাজার প্রেস ক্লাবের সভাপতি সজল কান্তি বৈদ্য, বাইখোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অমরেশ মজুমদার, চড়কবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জনার্ধন চক্রবর্তী এবং সংস্থার কর্ণধার অভিজিৎ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংস্থার কর্ণধার অভিজিৎ দে স্বাগত ভাষণে জানান, বর্তমান সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বহিঃরাজ্যে পাড়ি জমায়। এ ক্ষেত্রে অনেক সময় অভিভাবকরা প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই সমস্যা থেকে অভিভাবকদের রক্ষা করতেই এই সেন্টার কাজ করবে। তিনি আরও জানান, কোনো ছাত্রছাত্রীকে বহিঃরাজ্যে পড়াশোনার জন্য তাঁর কাছে আলাদা করে অর্থ প্রদান করতে হবে না; সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানেই সরাসরি প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে।
তিনি বলেন, এই সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঠিক পরামর্শ প্রদান করা হবে, যাতে তারা নিরাপদ ও সঠিকভাবে উচ্চশিক্ষার পথে এগোতে পারে। পাশাপাশি, এখানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষ হওয়ার পর কর্মসংস্থানের দিকেও সহায়তা করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিকাশ দেবনাথ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ধরনের উদ্যোগ আগামী দিনে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
স্থানীয় মহলে এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*