অভিনেতা থেকে নেতা: প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়ের

আপডেট প্রতিনিধি, তামিলনাড়ু, ০৫ মে || দক্ষিণ ভারতের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিলেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। অভিনয় জগত থেকে সরাসরি রাজনীতির ময়দানে নেমে প্রথম নির্বাচনে অংশ নিয়েই নজির গড়েছেন তিনি। তামিলাগা ভেট্রি কালাঘাম (টিভিকে)-এর ব্যানারে লড়ে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড়সড় সাফল্যের পথে এগিয়ে রয়েছেন এই তারকা নেতা।
সোমবার (৪ মে) দুপুর পর্যন্ত প্রাপ্ত ট্রেন্ড অনুযায়ী, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেখানে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ১২২টিরও বেশি আসনে এগিয়ে থেকে কার্যত সরকার গঠনের দোরগোড়ায় পৌঁছে গেছে টিভিকে।
এই ফলাফল তামিল রাজনীতির বহুদিনের চেনা সমীকরণ বদলে দিয়েছে। এতদিন রাজ্যের রাজনীতি মূলত দুই প্রধান দ্রাবিড় শক্তি— দ্রাবিড়া মুন্নেত্র কাঝগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে)-এর দখলেই ছিল। তবে এবারের নির্বাচনে সেই দ্বিমুখী লড়াই ভেঙে ত্রিমুখী প্রতিযোগিতার রূপ নিয়েছে, যেখানে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে বিজয়ের দল।
বর্তমান মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন-এর নেতৃত্বাধীন ডিএমকে এই নির্বাচনে প্রত্যাশার তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে বলে ইঙ্গিত মিলছে। অন্যদিকে, টিভিকে-র উত্থানে এআইএডিএমকেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতার পর দীর্ঘ সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তামিলনাড়ু শাসন করলেও, গত পাঁচ দশকের বেশি সময় ধরে রাজ্যে দ্রাবিড় দলগুলোর আধিপত্যই ছিল প্রধান। সেই প্রেক্ষাপটে বিজয়ের এই সাফল্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘গেমচেঞ্জার’ হিসেবে দেখছেন।
ভক্তদের কাছে ‘থালাপতি’ নামে পরিচিত জোসেফ বিজয় ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে প্রবেশ করেন। শুরু থেকেই তিনি জোট রাজনীতির পথ এড়িয়ে এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। এমনকি নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি-র সঙ্গে জোটের জল্পনাও তিনি দৃঢ়ভাবে নাকচ করে দেন।
নির্বাচনের আগে বিজয় এই লড়াইকে কেবল ভোটযুদ্ধ নয়, বরং “গণতান্ত্রিক আন্দোলন” হিসেবে আখ্যা দিয়েছিলেন। তার সেই বার্তাই যেন ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে— যার ফল মিলছে এবার ব্যালট বাক্সে।
তামিলনাড়ুর রাজনীতিতে এই নতুন অধ্যায় কতটা স্থায়ী প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*