আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কান্ডারী তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার মাতাবাড়িতে পুজো দিয়ে শুভ সূচনা করলেন তাঁর রাজ্য সফরের। এই ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন বিপ্লব কুমার দেবের আগমনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মাতাবাড়িতে পুজো অর্চনার সময় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী থেকে শুরু করে একাধিক বিধায়কও।
এর আগে, মঙ্গলবার দুপুরে আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে পৌঁছালে সাংসদ বিপ্লব কুমার দেবকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভিড় জমায় উৎসুক জনতা। বিমানবন্দর প্রাঙ্গণে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
