সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ মে || জন্মদিনের আনন্দ উদযাপনের মধ্যেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের আইনজীবী পুষ্পিতা চক্রবর্তী। তাঁর জন্মদিন উপলক্ষে আগরতলায় নিজ বাসভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক রবি সিংয়ের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে গন্ডাছড়ার প্রয়াত সাংবাদিক রবি সিংয়ের স্ত্রী নমিতা সিংয়ের হাতে পঁচিশ হাজার টাকার একটি চেক এবং একটি পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। জানা গেছে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের আন্তরিক উদ্যোগেই এই আর্থিক সহায়তা প্রদান সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গন্ডাছড়া অঞ্চলে সাংবাদিকতা মহলে রবি সিং ছিলেন এক পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণের পর পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাংবাদিক সমাজে ব্যাপকভাবে প্রশংসা করা হয়েছে।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
