ঊনকোটি কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক রবীন্দ্র জয়ন্তী উদযাপন, উপস্থিত মন্ত্রী টিংকু রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক বর্ণাঢ্য রাজ্যভিত্তিক রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি কবিগুরুর সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী দর্শনকে তুলে ধরে আলোচনা সভারও আয়োজন করা হয়।
মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, চিন্তাধারা ও মানবতাবাদী দর্শন আজও আমাদের সমাজ ও সংস্কৃতিকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সাহিত্যচর্চা আরও বেশি করে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে শিক্ষা দপ্তর ও প্রশাসনের বিভিন্ন আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন ও সাংস্কৃতিক পরিবেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*