গোপাল সিং, খোয়াই, ০২ জুন || কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার খোয়াইতে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও পথচারীদের মধ্যে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক অরুণ পাল-সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এদিন বৃক্ষরোপণের পাশাপাশি পথচারীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, কবি সুকান্তের মানবতাবাদী চেতনা ও সমাজকল্যাণের আদর্শকে সামনে রেখেই এই ধরনের জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
