বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুন || আবারও এক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল শান্তিরবাজার মহকুমা। সোমবার শান্তিরবাজার–মহামণি সড়কে একটি বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দমকল বাহিনীর এক আধিকারিক জানান, দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটির নম্বর TR 03 S 8594। আহত ব্যক্তির নাম লাচিমগ বলে জানা গেছে। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
