এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুন || শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির নাম দিলীপ দাস। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার লাউগাং এলাকার রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দিলীপ দাসকে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা শান্তিরবাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শান্তিরবাজার দমকল বাহিনীকে অবহিত করে। পরে দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের দাবি, দিলীপ দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং কয়েকজনের উপর হামলার অভিযোগ ছিল। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের অভিযোগ, সোমবার কয়েকজন যুবক দিলীপ দাসকে একটি অটোতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, কেউ অপরাধ করলে তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে মারধর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, আহত দিলীপ দাসের শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*