মুঙ্গিয়াকামিতে TRESP-এর অগ্রগতি পর্যালোচনায় বিশ্বব্যাঙ্ক দল, কৃষকদের উদ্যোগ ও টেকসই কৃষি চর্চার ভূয়সী প্রশংসা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৪ জুন || ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর আওতায় বাস্তবায়িত কৃষি ও জীবিকাভিত্তিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করতে বুধবার মুঙ্গিয়াকামি আর.ডি. ব্লকের উত্তর মহারাণীপুর ভিলেজ কমিটির অন্তর্গত জোড়া এগ্রিকালচার প্রোডিউসার গ্রুপ পরিদর্শন করেন বিশ্বব্যাঙ্কের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকারী দলে ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ভানিথা কম্মু, সামাজিক বিশেষজ্ঞ রুমিতা চৌধুরী এবং পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞ এল. জিতেন্দ্র সিং। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি ব্লকের BPM পুরবা দেব, TRESP-এর বিভিন্ন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীরা।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি প্রোডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা (BDP), ফসল নির্বাচন, বাজার সংযোগ, প্রযুক্তিগত সহায়তা, টেকসই কৃষি চর্চা, পরিবেশ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য নিয়ন্ত্রণ এবং জীবিকা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, কৃষকদের অংশগ্রহণ, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রকল্পের ইতিবাচক প্রভাব সম্পর্কে সরাসরি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণের আগ্রহে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা TRESP-এর অধীনে পরিচালিত কার্যক্রমের প্রশংসা করে জানান, এই প্রকল্প শুধু গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে না, বরং পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে টেকসই উন্নয়নের পথও সুগম করছে।
এই পরিদর্শন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে CC Agri-Horti, TSA Field Expert, BLMT সদস্যবৃন্দ এবং অন্যান্য মাঠকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে জেলা প্রকল্প ব্যবস্থাপক (DPM)-ও উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাঙ্ক দলের ইতিবাচক মূল্যায়ন TRESP প্রকল্পের সফল বাস্তবায়ন এবং গ্রামীণ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*