আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন || আগরতলার নাগেরজলা বাসস্ট্যান্ডে বিএমএস কর্মীদের মধ্যে অর্থ সংগ্রহ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বিএমএস।
জানা গেছে, নাগেরজলা বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সাংগঠনিক বিষয় ও অর্থ সংগ্রহকে কেন্দ্র করে বিএমএসের একাংশের মধ্যে মতবিরোধ তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি রাজনৈতিক রূপ নেয় বলে অভিযোগ।
বিএমএস সূত্রে দাবি, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণ করায় ক্ষুব্ধ হয়ে একদল যুবক নাগেরজলা বাসস্ট্যান্ডে এসে বিএমএস কর্মীদের উপর হামলা চালায়। হামলায় অন্তত তিন থেকে চারজন কর্মী গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসস্ট্যান্ডে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএমএস নেতৃত্ব আগামীকাল থেকে নাগেরজলা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নাগেরজলা বাসস্ট্যান্ডে এই সংঘর্ষ ও ধর্মঘটের ঘোষণায় যাত্রী সাধারণের দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামীকাল বাস পরিষেবা স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
