গোপাল সিং, খোয়াই, ০৫ জুন || খোয়াই জেলায় পৃথক দুটি ঘটনায় দুই নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক নাবালিকাকে প্রতিবেশী এক যুবক গোয়ায় নিয়ে গিয়ে পাচার করেছে বলে অভিযোগ তুলেছেন তার মা। ঘটনাদ্বয়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই জেলার চাম্পাহাওড় থানাধীন আশারামবাড়ি-বানবাজার এলাকা থেকে ১৫ বছর বয়সী এক নাবালিকা বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চাম্পাহাওড় থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ নাবালিকার সন্ধানে তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, খোয়াই থানার অন্তর্গত সিপাইহাওর এলাকার গোপীটিলা গ্রাম থেকে ১৭ বছর বয়সী এক নাবালিকা গত প্রায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। নাবালিকার মায়ের অভিযোগ, প্রতিবেশী এক যুবক তার মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে গোয়ায় পাচার করেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাবালিকার মা দাবি করেন, অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তার মেয়ে বর্তমানে গোয়ায় অবস্থান করছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে তিনি এমন ধারণা পেয়েছেন বলেও জানান। এ বিষয়ে তিনি খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি খোয়াই জেলার এক নাবালিকাকে ওড়িশায় পাচারের চেষ্টার সময় গুয়াহাটি রেলস্টেশন থেকে একটি পাচারচক্রের সদস্যদের আটক করা হয়েছিল। সেই ঘটনার পর ফের দুই নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
তবে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে মানব পাচারের অভিযোগ এখনও তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, শিশু ও নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে মানব পাচার, সাইবার প্রতারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।
