আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || আমতলী এলাকায় কর্মরত সাংবাদিক সুব্রত দেবনাথের সঙ্গে অসদাচরণ, হেনস্তা এবং শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি তোলা হয়েছে।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, ৪ জুন আমতলী দ্বিতীয় নাকা সংলগ্ন এলাকায় অবস্থানকালে সাংবাদিক সুব্রত দেবনাথের সঙ্গে এ.ডি. নগর থানার ওসি অভিজিৎ মণ্ডলের অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোনো স্পষ্ট কারণ ছাড়াই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, জোরপূর্বক পুলিশ গাড়িতে তোলেন এবং জনসমক্ষে অপমানজনক আচরণ করেন। এই ঘটনার ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সুব্রত দেবনাথ রাজ্যের পুলিশ মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও প্রেস ক্লাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে বলেন, একটি গণতান্ত্রিক সমাজে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা অপমানজনক আচরণের শিকার হলে তা কেবল একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরও আঘাত হিসেবে বিবেচিত হয়।
প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের সকল সাংবাদিকের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
