বিশ্ব পরিবেশ দিবসে রামনগর মণ্ডলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগানোর পাশাপাশি যত্নের উপর জোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ বছর পরিবেশ সংরক্ষণে শুধু গাছ লাগানোর সংখ্যা বাড়ানোর পরিবর্তে রোপিত চারাগাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্তি উপলক্ষে চলমান বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘এক পেড় মা কে নাম’ অভিযানও এদিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল।
রাজ্যের বিভিন্ন মণ্ডলের পাশাপাশি রামনগর মণ্ডলেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। রামনগর এলাকার বিভিন্ন স্থানে দলীয় কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়।
রামনগর অন্তর্গত আগরতলা পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অপরদিকে, ১৪ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন অমিতাভ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ বহু কর্মী-সমর্থক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; রোপিত চারাগাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এ বছরের পরিবেশ দিবসের কর্মসূচিতে গাছের যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবসের এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের প্রসারে নতুন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*