গোপল সিং, খোয়াই, ০৮ জুন || নিজের নির্বাচনী এলাকার গণ্ডী টপকে ফের একবার মানবতার অনন্য নজির গড়লেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। নিজ এলাকার অসহায় এবং আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া তাঁর প্রায় প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আজ রাজধানী আগরতলার এক গুরুতর অসুস্থ কিশোরীর চিকিৎসার পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে ত্রিপুরা বিধানসভার একজন অন্যতম জনপ্রিয় ও জনদরদী সদস্য হিসেবে প্রমাণ করলেন, যা রাজ্য সরকার এবং তাঁর দলের মুখ আরও উজ্জ্বল করেছে বলে অভিমত প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
অসহায় একটি পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে এক সংবেদনশীল ও আত্মতুষ্টির বার্তা শেয়ার করেছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি জানান, আগরতলার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া লোকনাথ পাড়ার বাসিন্দা সুজিত দাসের ১৫ বছর বয়সী কন্যা বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছে। স্থানীয় স্তরে চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য অতিসত্বর তাকে বহিঃরাজ্যের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে।
অসহায় এই পরিবারটির চরম সংকটের কথা জানতে পেরে আজ তারা আগরতলা স্থিত বিধায়কের কোয়ার্টারে আসলে, কিশোরীর জীবন বাঁচানোর তাগিদে তিনি তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। অত্যন্ত সহমর্মিতার সাথে তিনি তাঁর সাধ্যমতো একটি বড় অঙ্কের আর্থিক সহযোগিতা ওই দরিদ্র পরিবারের হাতে তুলে দেন এবং আগামীদিনেও তাদের পাশে থাকার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
আর্থিক সাহায্য হস্তান্তরের পাশাপাশি সামাজিক মাধ্যমে বিধায়ক আবেগঘন কণ্ঠে লিখেছেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে চেন্নাইয়ে কিশোরীর চিকিৎসা সম্পূর্ণ সফল হয় এবং সে দ্রুত সুস্থ হয়ে আবার হাসিমুখে মায়ের কোলে ফিরে আসতে পারে। রাজনৈতিক গণ্ডী এবং ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে বিধায়কের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগ ও আর্তের প্রতি সংবেদনশীলতা আজ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
