চুক্তি রূপায়ণে দীর্ঘসূত্রতার অভিযোগ: ১২ই জুন থেকে খোয়াই ও তেলিয়ামুড়ায় ৭২ ঘণ্টার রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক আত্মসমর্পণকারী NLFT-ATTF-এর

গোপল সিং, খোয়াই, ০৮ জুন || ২০২৪ সালের ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে চরম উদাসীনতার অভিযোগ তুলে এবার রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলনের পথ বেছে নিল আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF) গোষ্ঠী। আজ, সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যৌথভাবে এই বড়সড় আন্দোলনের ঘোষণা দিয়েছেন আত্মসমর্পণকারী প্রাক্তন উগ্রপন্থী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। চুক্তির শর্ত মেনে পুনর্বাসন না মেলায় আগামী ১২ই জুন থেকে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমায় ৭২ ঘণ্টার জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এটিটিএফ (ATTF)-এর সভাপতি কলেন্দ্র দেববর্মা, এনএলএফটি (NLFT)-এর সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, এটিটিএফ-এর প্রবীণ নেতা পরিমল দেববর্মা ও মঙ্গল দেববর্মা সহ সংগঠনের অন্যান্য প্রথম সারির প্রতিনিধিরা।
সাংবাদিক সম্মেলনে আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF) গোষ্ঠীর প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ঠা সেপ্টেম্বর কেন্দ্র সরকার, ত্রিপুরা রাজ্য সরকার এবং এনএলএফটি ও এটিটিএফ-এর মধ্যে এক ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি মোতাবেক আত্মসমর্পণকারীদের স্থায়ী পুনর্বাসন, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২৫০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ বরাদ্দের কথা লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ দুটি বছর অতিক্রান্ত হতে চললেও আজ পর্যন্ত সেই আর্থিক প্যাকেজ ও চুক্তি কার্যকর করার কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
নেতৃবৃন্দের দাবি, পুনর্বাসন চুক্তি বাস্তবায়নে সরকারের এই নজিরবিহীন দীর্ঘসূত্রতার কারণে আত্মসমর্পণকারী প্রাক্তন সদস্যরা পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম আর্থিক অনটন ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি কতটা ভয়াবহ তা তুলে ধরে তাঁরা জানান, পর্যাপ্ত উন্নত চিকিৎসা এবং নূন্যতম জীবিকার অভাবে ইতিমধ্যেই তাঁদের সংগঠনের অন্তত ৮ জন আত্মসমর্পণকারী সদস্য ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
প্রতিনিধিরা অতীতে হওয়া অন্যান্য শান্তি চুক্তির উদাহরণ টেনে বলেন, পূর্বে আত্মসমর্পণকারী বিভিন্ন গোষ্ঠীর পুনর্বাসনের দাবিদাওয়া মাত্র ছয় মাসের মধ্যেই সরকার পূরণ করেছিল। অথচ, বর্তমান ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন ও রহস্যজনক নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই চুক্তি বাস্তবায়নের দাবিতে তাঁরা একাধিকবার প্রশাসনের শীর্ষ মহলে এবং সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও কেবল প্রতিশ্রুতির আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ মেলেনি।
সরকারের এই অনীহার প্রতিবাদে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে বাধ্য হয়েই আগামী ১২ই জুন থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন উগ্রপন্থা ছেড়ে মূল স্রোতে ফেরা এই দুই সংগঠনের সদস্যরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ই জুন সকাল থেকে খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমা এলাকায় জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*