পেট্রল-গ্যাসের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক ইস্যুতে সিপিআইয়ের বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হড়মুজ প্রণালীতে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা এবং সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন নীতির প্রতিবাদে রবিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক মিলন বৈদ্য বলেন, দেশে বর্তমানে এক উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামছাড়া হারে বৃদ্ধি পেলেও কেন্দ্রীয় সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রীতি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে এক মহিলা কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার তত্ত্ব সামনে আনার চেষ্টা চলছে। পাশাপাশি আনন্দনগর স্কুলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের উল্লেখ করে তিনি উভয় ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আন্তর্জাতিক প্রসঙ্গ তুলে মিলন বৈদ্য মার্কিন সাম্রাজ্যবাদের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, হড়মুজ প্রণালীতে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রের নীরবতা উদ্বেগজনক। একইসঙ্গে সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন আগ্রাসী নীতিরও নিন্দা জানান তিনি।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সিপিআইয়ের নেতা ধনমনী সিনহা, অরুণ সেনগুপ্ত, সুব্রত দেবনাথ, নেত্রী তুলসী দাস কপালি, জয়া বিশ্বাসসহ দলের বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*