আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || আগরতলা-করিমগঞ্জ রুটের যাত্রীবাহী ট্রেন (নং ৭৫৬৭৯)-এ অতিরিক্ত ভিড়কে কেন্দ্র করে সোমবার সকালে জিরানিয়া রেল স্টেশনে তীব্র বিক্ষোভ ও রেল অবরোধের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে রেল চলাচল ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগরতলা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর থেকেই অস্বাভাবিক ভিড়ের সৃষ্টি হয়। বাধারঘাট ও যোগেন্দ্রনগর স্টেশনে বহু যাত্রী ট্রেনে উঠতে পারেননি। একই পরিস্থিতির মুখোমুখি হন জিরানিয়া স্টেশনের যাত্রীরাও।
ট্রেনে উঠতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা জিরানিয়া রেল স্টেশনে বিক্ষোভে সামিল হন এবং রেললাইন অবরোধ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রুটে যাত্রীসংখ্যার তুলনায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে। যাত্রীদের দাবি, অবিলম্বে এই রুটে অতিরিক্ত কোচ সংযোজন ও যাত্রী পরিষেবা উন্নত করার জন্য রেল কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
