বিশ্ব রক্তদান দিবসে শান্তিরবাজারে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার রক্তদান শিবির

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্যোগে শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু যুবক-যুবতী ও সমাজসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, মণ্ডল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুজিত সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রবন্ধু সামাজিক সংস্থার সভাপতি দেবানন্দ দাস, সহ-সম্পাদক প্রেমাংশু দাস, শান্তনু মল্লিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবিলায় সামাজিক সংগঠনগুলির পাশাপাশি সাধারণ মানুষকেও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। তাঁরা বলেন, মানবতার সেবায় রক্তদান একটি মহৎ উদ্যোগ এবং একজন রক্তদাতার দান করা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।
ছাত্রবন্ধু সামাজিক সংস্থার সভাপতি দেবানন্দ দাস জানান, সমাজের কল্যাণে এবং রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে তাঁদের সংস্থা প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে। ভবিষ্যতেও মানবসেবামূলক বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*