আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে দেশ নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। তিনি বলেন, ২০১৪ সালের পূর্বে সমগ্র উত্তর-পূর্বাঞ্চল বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে।
রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারত সরকারের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-এর উপস্থিতিতে আয়োজিত রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন পরিষেবার জন্য নিবন্ধনের সুযোগও রাখা হয়েছে।
তিনি বলেন, এই শিবিরে আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর, আয়ুষ্মান বয় বন্দনা, পিএম স্বনিধি, লাখপতি দিদি এবং ভিবি-জি রামজি-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন রাজ্যের মানুষ। এছাড়াও পিআরটিসি, জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং দিব্যাঙ্গজনদের বিভিন্ন সহায়তা প্রদানের জন্য নিবন্ধনের ব্যবস্থাও করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সরকারি পরিষেবা আরও সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং বিকশিত ভারত গঠনের অভিযানে ত্রিপুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
