বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুন || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের গৌরবময় পূর্তি উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলাজুড়ে তিন দিনব্যাপী বিশেষ ‘জনকল্যাণ শিবির’-এর আয়োজন করা হয়। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।
সোমবার সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষরোপণের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত ১২ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি. আইএএস, শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্য প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা। বক্তারা তাঁদের বক্তব্যে সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শিবির প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে একাধিক তথ্য ও পরিষেবা স্টল খোলা হয়, যা সাধারণ মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম নথিভুক্তকরণ এবং তাৎক্ষণিক সুবিধা প্রদানের ব্যবস্থা ছিল এই শিবিরের অন্যতম উল্লেখযোগ্য দিক।
এছাড়াও কৃষি দপ্তর, মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট দল, বন দপ্তর, পুলিশ এবং মোটর ভেহিকেলস বিভাগের পৃথক স্টলের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মাতৃমঙ্গল যোজনা সহ বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্যও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
সরকারি পরিষেবাকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার এই উদ্যোগে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপভোক্তারা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। প্রান্তিক মানুষের স্বার্থে গৃহীত এই জনকল্যাণমূলক উদ্যোগ দক্ষিণ ত্রিপুরাবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
তিন দিনব্যাপী এই জনকল্যাণ শিবিরের সফল সমাপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
